রাঙামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা হত্যার প্রতিবাদে সোমবার (১১ মে) আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও এর সহযোগী সংগঠনগুলো। সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলে দুপুর ১২টা পর্যন্ত। অবরোধের ফলে সাজেক পর্যটন সড়ক ও বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় স্থবিরতা নেমে আসে।
সরেজমিনে দেখা যায়, অবরোধের সমর্থনে ভোর থেকেই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পিকেটিং করেন ইউপিডিএফ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে সাজেকগামী পর্যটকবাহী গাড়িগুলো আটকা পড়ে এবং স্থানীয় পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ থাকে। তবে এ সময় কোনো ধরনের সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি।
সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, অবরোধ চলাকালে বিভিন্ন স্থানে পিকেটারদের অবস্থান নিতে দেখা গেছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, গত ৯ মে বাঘাইছড়ি-দীঘিনালা সীমান্তবর্তী শুকনোছড়া এলাকায় প্রতিপক্ষ সশস্ত্র গ্রুপের গুলিতে ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা নিহত হন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে সাজেকের উজোবাজারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই আধাবেলা অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।
মানবকণ্ঠ/ডিআর




Comments