Image description

৫০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর অবশেষে আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী। বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত উভয় পক্ষের মধ্যে সমঝোতার শর্তে তার জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন রাহী। শুনানি শেষে ৫শ টাকা মুচলেকায় আগামী ৯ জুন পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়। এর আগে গত ১৫ এপ্রিল মামলার নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

রাহীর পক্ষে শুনানিতে আইনজীবী ইশতিয়াক শাহরিয়ার জানান, প্রেমের সম্পর্কের জেরে ৩০ লাখ টাকা দেনমোহরে তানভীর রাহী ও ফাহিমা বিনতে মাহবুব পুস্পিতার বিয়ে হয়। বর্তমানে পারিবারিক কিছু কলহের কারণে তারা আলাদা থাকলেও উভয় পক্ষই সংসার টিকিয়ে রাখতে বিষয়টি মীমাংসা করতে আগ্রহী। মূলত আপসের সুযোগ রাখতেই আদালত জামিন মঞ্জুর করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৭ আগস্ট পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে পুস্পিতার কাছে যৌতুক দাবি করে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হতো। গত ১ মার্চ রাতে লালবাগ হোস্টেলের সামনে দেখা করতে ডেকে গাড়ি কেনার নাম করে আবারও ৫০ লাখ টাকা দাবি করেন রাহী। টাকা দিতে অস্বীকার করায় স্ত্রীকে তালাকের হুমকিও দেওয়া হয়।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হয়ে পুস্পিতা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন এবং পরবর্তীতে ২৭ ফেব্রুয়ারি লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসব ঘটনার প্রেক্ষাপটে গত ৮ মার্চ আদালতে মামলাটি দায়ের করেন পুস্পিতা।

উল্লেখ্য, তানভীর রাহী সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ঘনিষ্ঠ ও সাবেক সহকর্মী হিসেবে পরিচিত। সম্প্রতি তৌহিদ আফ্রিদির গ্রেফতারের পর তার বিষয়ে বিরূপ মন্তব্য করে নতুন করে আলোচনায় আসেন তিনি।

মানবকণ্ঠ/আরআই