জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর রাজনৈতিক অবস্থান ও ব্যক্তিগত আচরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান। তিনি দাবি করেছেন, নাসীরুদ্দীন আগে জামায়াতে ইসলামীকে চরম গালিগালাজ করলেও এখন তাদের সঙ্গে মিতালি করে বিএনপিকে গালিগালাজ করছেন। বুধবার (১৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খান সরাসরি আক্রমণ করে লেখেন, ‘গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না।’ তিনি অভিযোগ করেন, অতীতে নাসীরুদ্দীন জামায়াত সম্পর্কে এমন সব মন্তব্য করেছিলেন যা কোনো সুস্থ রাজনৈতিক কর্মীর পক্ষে এখন ভুলে যাওয়া সম্ভব নয়।
রাশেদ খানের দাবি অনুযায়ী, নাসীরুদ্দীন পাটওয়ারী আগে জামায়াতে ইসলামীকে ‘ভারতের এক্সটেনশন’, ‘ভণ্ড’, ‘মুনাফেকের দল’ এবং ‘ধর্মের নামে চেতনার ব্যবসায়ী’ হিসেবে অভিহিত করেছিলেন। এছাড়াও তিনি বলেছিলেন যে, জামায়াতের রাজনৈতিক দর্শন বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় চেতনার পরিপন্থি।
রাশেদ খান তার পোস্টে প্রশ্ন তোলেন, ‘একটা দল সম্পর্কে এত কিছু বলার পরে আবার সেই দল থেকে আসন নিয়ে নির্বাচন করা, এটা একমাত্র গাঁজা সেবন করলেই সম্ভব! আমি এনসিপিকে বলবো, দ্রুত তার ডোপ টেস্ট ও চিকিৎসা করুন। অন্যথায় তার শরীরে প্রতিদিন যে পরিমাণ নিকোটিন ঢুকছে এবং এর প্রতিক্রিয়ায় সে যেভাবে আবোলতাবোল বকছে, না জানি আবার জামায়াতে যোগদান করে এনসিপিকে নিয়ে কী বলা শুরু করে!’
নাসীরুদ্দীনের ছাত্ররাজনীতির পরিচয় নিয়েও সন্দেহ প্রকাশ করেন এই বিএনপি নেতা। তিনি বলেন, ‘সে পডকাস্টে বলে বেড়াচ্ছে যে সে নাকি শিবিরের সাথী ছিল! অথচ আমরা ক্যাম্পাসে দেখেছি সে বাম রাজনীতি করে। একজন লোক শিবির থেকে বাম হয় কীভাবে?’
রাশেদ খান আরও বলেন, এখন রূপ বদলে জামায়াতপন্থি হওয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী তাদের আইডল হয়ে উঠেছেন, যা রাজনৈতিক দ্বিচারিতা ছাড়া আর কিছুই নয়।
মানবকণ্ঠ/আরআই




Comments