আকাশপথের বিধিনিষেধ এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের (জেট ফুয়েল) অত্যধিক মূল্যবৃদ্ধির কারণে আগামী জুন থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটের সূচিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। এই রদবদলের ফলে ঢাকা-মুম্বাই রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং ঢাকা-দিল্লি রুটে ফ্লাইটের সংখ্যা কমিয়ে আনা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এয়ার ইন্ডিয়া এই সিদ্ধান্তের কথা জানায়। সংস্থাটি জানিয়েছে, শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল করে যাত্রীদের বিড়ম্বনায় ফেলার চেয়ে আগেভাগেই এই রেশনালাইজেশন বা যৌক্তিক সমন্বয় করা হয়েছে, যাতে শিডিউলের স্থিতিশীলতা বজায় থাকে।
নতুন সূচি অনুযায়ী, এশিয়া অঞ্চলের মধ্যে মুম্বাই-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়া দিল্লি থেকে ঢাকা, কাঠমান্ডু, কলম্বো, ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুর রুটে সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা হ্রাস করা হয়েছে।
উত্তর আমেরিকার ক্ষেত্রে দিল্লি-শিকাগো সার্ভিসটি আগস্ট পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। দিল্লি থেকে টরন্টো ও ভ্যাঙ্কুভারগামী ফ্লাইটের সংখ্যাও কমানো হয়েছে। তবে ইতিবাচক দিক হলো, মুম্বাই থেকে নেওয়ার্ক রুটে এখন থেকে প্রতিদিন ফ্লাইট চলাচল করবে। ইউরোপের ক্ষেত্রে প্যারিস, রোম, জুরিখ, ভিয়েনা ও কোপেনহেগেনের ফ্লাইট সংখ্যাও পূর্বের তুলনায় কম হবে।
জ্বালানি সংকটের কারণে সব আন্তর্জাতিক ফ্লাইট জুলাই পর্যন্ত বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া। সংস্থাটি আশ্বস্ত করেছে যে, প্রতি মাসে পাঁচটি মহাদেশের বিভিন্ন গন্তব্যে ১ হাজার ২০০-র বেশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা অব্যাহত থাকবে। এর মধ্যে উত্তর আমেরিকায় সপ্তাহে ৩৩টি, ইউরোপে ৪৭টি, যুক্তরাজ্যে ৫৭টি এবং দূরপ্রাচ্য ও সার্কভুক্ত দেশগুলোর জন্য সপ্তাহে ১৫৮টি ফ্লাইট বরাদ্দ রয়েছে।
যেসব যাত্রীর ফ্লাইট বাতিল বা সময় পরিবর্তন হয়েছে, তাদের বিশেষ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এয়ার ইন্ডিয়া। ক্ষতিগ্রস্ত যাত্রীরা চাইলে বিকল্প ফ্লাইটে বুকিং, ভ্রমণের তারিখ পরিবর্তন অথবা টিকিটের সম্পূর্ণ অর্থ (রিফান্ড) ফেরত পাওয়ার সুযোগ পাবেন। সংস্থাটি যাত্রীদের কেবল অফিশিয়াল ওয়েবসাইট, অ্যাপ বা ভেরিফাইড সোশ্যাল মিডিয়া চ্যানেলের তথ্যের ওপর ভরসা রাখার পরামর্শ দিয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments