Image description

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন বাংলাদেশের নতুন গতি তারকা নাহিদ রানা। ২০২৬ সালের এপ্রিল মাসের ‘আইসিসি মেন’স প্লেয়ার অব দ্য মান্থ’ (মাসসেরা খেলোয়াড়) নির্বাচিত হয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে রানার নাম ঘোষণা করে।

প্রথমবারের মতো আইসিসির এই সম্মানজনক পুরস্কার জিতলেন এই ডানহাতি পেসার। গত বছরের এপ্রিলে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই মাসসেরার মুকুট পরলেন নাহিদ রানা।

কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রানা শিকার করেন মোট ৮টি উইকেট। সিরিজের প্রথম ম্যাচে কিছুটা ব্যয়বহুল হলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ান তিনি। সেখানে মাত্র ৩২ রান খরচায় ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট (৫/৩২) শিকার করে কিউই ব্যাটিং লাইনআপ তছনছ করে দেন তিনি। চট্টগ্রামে সিরিজের অঘোষিত ফাইনালে আরও ২ উইকেট নিয়ে বাংলাদেশের ২-১ ব্যবধানে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন এবং সিরিজ সেরার পুরস্কারও জিতে নেন। পুরো সিরিজে তার বোলিং গড় ছিল ১৬.৭৫ এবং ইকোনমি ছিল মাত্র ৪.৪৬।

এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে নাহিদ রানা বলেন, "নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে আইসিসি মাসসেরা হতে পারাটা দারুণ অনুভূতির। দেশের মাটিতে এমন পারফরম্যান্স সবসময় স্মরণে থাকবে। আমি আমার সতীর্থদের কাছে কৃতজ্ঞ তাদের সমর্থন ও বিশ্বাসের জন্য। আশা করি ভবিষ্যতে দলের জয়ে আরও বড় অবদান রাখতে পারব।"

উল্লেখ্য, নাহিদ রানা মার্চ মাসেও পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৮ উইকেট নিয়েছিলেন। সেই ফর্মের ধারাবাহিকতা ধরে রেখেই এপ্রিল মাসে কিউই বধের নায়ক হয়ে আইসিসির সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন তিনি।

মানবকণ্ঠ/ডিআর