Image description

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের জানাজা ও দাফনের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ রোববার (১৭ মে) দুপুরে দেশে পৌঁছাবে বলে নিশ্চিত করেছেন কারিনার বাবা ও সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরে মরদেহ দেশে পৌঁছানোর পর বাদ আসর বনানী ডিওএইচএস জামে মসজিদে কারিনা কায়সারের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সোমবার (১৮ মে) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দ্বিতীয় জানাজা শেষে মুন্সিগঞ্জের গজারিয়ায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

কারিনার অকাল মৃত্যুর কারণ হিসেবে জানা গেছে, হেপাটাইটিস এ ও ই সংক্রমণের কারণে তার লিভার বিকল হয়ে গিয়েছিল। অবস্থার দ্রুত অবনতি হওয়ায় গত সোমবার রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে চেন্নাইয়ের ভেলোর খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে নেওয়া হয়। সেখানে লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি চলাকালীন ফুসফুসের সংক্রমণ রোধে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় হঠাৎ তার রক্তচাপ কমে যায়। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই গুণী শিল্পী।

উল্লেখ্য, কনটেন্ট ক্রিয়েটর হিসেবে দারুণ জনপ্রিয় কারিনা কায়সার ওটিটি প্ল্যাটফর্মে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’ সিরিজে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও তার প্রতিভা ছিল প্রশংসনীয়। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে এবং ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/আরআই