নীতি-নৈতিকতার প্রশ্নে আমি আপসহীন, দুর্নীতি করতে দেব না: এমপি বাবুল
জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, "নীতি-নৈতিকতার কথা বললে যদি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হতে না পারি, তাতেও আমার কোনো আফসোস নেই। আমি ভোট চুরি করে এমপি হইনি, জনগণের পবিত্র ভোটে নির্বাচিত হয়েছি। আমি কোনোদিন দুর্নীতি করিনি এবং কাউকে দুর্নীতি করতেও দেব না।"
রোববার (১৭ মে) বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল তাঁর সততা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে বলেন, "আল্লাহ আমাকে এমপি বানিয়েছেন, এটাই বড় শুকরিয়া। জনগণের দেওয়া এই আমানত আমি আমৃত্যু রক্ষা করব। ক্ষমতার চেয়ে আমার কাছে আদর্শ ও সততা অনেক বেশি গুরুত্বপূর্ণ।"
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি রকিবুল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, মাদরাসা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মোত্তালিব সেলিম এবং শিক্ষক নেতা মোহাম্মদ আলী জিন্নাহ ও রকিব হাসনাত।
কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু সায়েমের সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের এমন সাহসী ও নৈতিক অবস্থানের ভূয়সী প্রশংসা করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments