Image description

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়।

মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। মোসলেহ উদ্দিন আহমদ বর্তমান কমিশনারের স্থলাভিষিক্ত হবেন।

অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ এর আগে সিআইডির প্রধান হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার এই নতুন নিয়োগকে ডিএমপির প্রশাসনিক কাঠামোতে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ডিএমপির প্রধান হিসেবে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নাগরিক সেবা নিশ্চিত করাই হবে তার প্রধান চ্যালেঞ্জ।

মানবকণ্ঠ/আরআই