Image description

কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছেছেন। রোববার (১৭ মে) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

বিমানবন্দরে কাতারের শ্রমমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।

দোহার বাংলাদেশ দূতাবাস এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে জানিয়েছে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও কাতারের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব ও অংশীদারিত্ব নতুন উচ্চতায় পৌঁছাবে। সফরটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ হবে বলে আশা করা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, আল মাররি বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া একটি যৌথ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠকে বাংলাদেশ থেকে কাতারে দক্ষ জনশক্তি রপ্তানি, দ্বিপাক্ষিক শ্রম সহযোগিতা এবং কাতারে অবস্থানরত বিশাল বাংলাদেশি কমিউনিটির সুযোগ-সুবিধা ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনার কথা রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর