রাজধানীর রামপুরায় ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা রঞ্জিতা। রোববার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে বাসায় ফেরার পথে এই হামলার শিকার হন তিনি। ছিনতাইকারীরা তার কানের দুল ধরে সজোরে টান দিলে তার কান ছিঁড়ে যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় রঞ্জিতাকে রামপুরার একটি হাসপাতালে নেওয়া হলে তার কানে সাতটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
ঘটনার বর্ণনা দিয়ে এক ভিডিও বার্তায় রঞ্জিতা বলেন, ‘শিল্পী সমিতির নির্বাচন ঘিরে এফডিসিতে উৎসবমুখর পরিবেশ দেখতে গিয়েছিলাম। রাতে রামপুরা বাজার এলাকায় বাসায় ফেরার সময় অনুভব করি কেউ আমাকে অনুসরণ করছে। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ তারা আমার কানের দুল ধরে প্রচণ্ড জোরে টান দেয়। মুহূর্তেই কান ছিঁড়ে রক্ত ঝরতে শুরু করে।’ এই আকস্মিক হামলায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, রঞ্জিতার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ থাকায় ক্ষত শুকাতে কিছুটা সময় লাগতে পারে, তাই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তিনি বনশ্রী এলাকায় তার শারীরিক প্রতিবন্ধী ভাই ও একমাত্র সন্তানকে নিয়ে বসবাস করছেন।
উল্লেখ্য, ১৯৮৬ সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত ‘ঢাকা ৮৬’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে রঞ্জিতার। ক্যারিয়ারে ‘রাজা মিস্ত্রী’ ও ‘জ্বীনের বাদশা’সহ প্রায় ৩০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ২০০৫ সালের পর থেকে তাকে আর বড় পর্দায় দেখা যায়নি। এক সময়ের জনপ্রিয় এই অভিনেত্রীর ওপর এমন নৃশংস হামলার ঘটনায় চলচ্চিত্র অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে।
মানবকণ্ঠ/আরআই




Comments