Image description

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পুলিশের এলিট ফোর্স হিসেবেই বহাল থাকছে এবং এই বাহিনীকে পরিচালনার জন্য নতুন আইন তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে বাহিনীর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “র‌্যাবের কার্যক্রম পরিচালনার জন্য একটি নতুন আইন প্রণয়ন করা হচ্ছে। নতুন এই আইনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং বাহিনীটি সম্পূর্ণ আইনি কাঠামোর মধ্যে থেকে কাজ করবে।” তিনি আরও জানান, আগামীতে র‌্যাব মানবাধিকার সমুন্নত রেখে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। বাহিনীর নাম পরিবর্তন হবে কি না, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিগত সময়ে র‌্যাবের বিতর্কিত ভূমিকার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ফ্যাসিবাদের সময় কিছু অসাধু কর্মকর্তার কারণে র‌্যাবের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এসেছে। তবে এসবের জন্য পুরো প্রতিষ্ঠান দায়ী নয়।”

সালাহউদ্দিন আহমদ আরও যোগ করেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে র‌্যাব পুলিশের বিশেষায়িত ফোর্স হিসেবে কাজ করে যাবে, তবে তা হবে পুরোপুরি জনবান্ধব ও আইনের অনুসারী।

মানবকণ্ঠ/আরআই