Image description

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান করা্ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায়বিচার পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। 

আজ মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা দেশে আসলে তার প্রতি বিচারবহির্ভূত কিছু করব না। তাকে আমরা ক্ষমতা থেকে হটাতে চেয়েছি কারণ তিনি ইনসাফ করেন নি। পরবর্তী বাংলেদেশ তৈরি হয়েছে যেখানে শত্রুর প্রতিও ইনসাফ করা হবে। 

অপসাংবাদিকতার বিষয়ে তিনি বলেন, আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। সাংবাদিক থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা; সবাই দেশে ফিরলে ন্যায়বিচার পাবেন।

র‍্যাব নিয়ে তথ্য উপদেষ্টা বলেন, “র‍্যাব আর আগের মতো কাঠামো বা নিয়মে থাকবে না। এই ফোর্সটির আধুনিকায়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে ইতিমধ্যে আলাদা আইন প্রণয়নের কাজ চলছে।” এ সময় তিনি এই বিশেষ বাহিনীর নাম পরিবর্তনেরও একটি সুস্পষ্ট ইঙ্গিত দেন। প্রধানমন্ত্রীর এই প্রভাবশালী উপদেষ্টা বলেন, “আইনি সংস্কারের পাশাপাশি র‍্যাবের নামও পরিবর্তন হতে পারে।”

এসময় ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমকে ব্যবস্থাপনায় আনতে কমিশন গঠন করতে চায় সরকার। জুনের মধ্যে কমিটি গঠন করা হবে।

হামে শিশু এত শিশুর মৃত্যু নিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণেই, এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

আগামী এক বছর শিশুদের সব ধরনের রোগের টিকা নিশ্চিত করা হয়েছে বলেও জানান তথ্য মন্ত্রী। শিশুদের ১০ ধরনের রোগের ৯ কোটি ৫০ লাখ ভ্যাকসিন কেনা হচ্ছে বলে জানান তিনি।

তথ্যমন্ত্রী আরও বলেন, আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হবে হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল।