পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বে স্থিতিশীলতা আনতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বুধবার (২০ মে) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সেন্টার ফর ফিউচার স্টাডিজ আয়োজিত দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বর্তমান বিশ্বে নিরাপত্তা কেবল অভ্যন্তরীণ শক্তির ওপর নির্ভর করে না। বরং এটি জাতির অর্জিত জ্ঞান, প্রজ্ঞা এবং আন্তর্জাতিক সীমানার স্থিতিশীলতার ওপরও অনেকাংশে নির্ভরশীল।’ তিনি মনে করেন, কেবল পেশিশক্তি দিয়ে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, যদি সেখানে জবাবদিহিতা ও প্রজ্ঞার অভাব থাকে।
প্রযুক্তির দ্রুত প্রসারের কথা উল্লেখ করে স্পিকার আরও বলেন, ‘প্রযুক্তির ক্রমবর্ধমান বিস্তারের কারণে আমাদের নতুন নেতৃত্ব তৈরিতে অধিক বিনিয়োগ করতে হবে। এটি একদিকে যেমন জাতির ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের দায়িত্বশীলতাকে প্রমাণ করবে, অন্যদিকে জনগণের আস্থা ও ভরসাকে আরও সুদৃঢ় করবে।’
সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে গবেষণামূলক আলোচনায় মূল বক্তা হিসেবে অংশ নেন নেপালের ড. প্রমোদ জয়সওয়াল, শ্রীলঙ্কার সুভাশিনি আবেয়াসিংহে, পাকিস্তানের ড. সালমা মালিক এবং সুইডেনের ড. গ্রেগ সিমন্স। তারা বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বিভিন্ন অনুষদের ডিন, ঊর্ধ্বতন কর্মকর্তা, দেশি-বিদেশি গবেষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বিইউপির এই উদ্যোগকে আগামীর বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।
মানবকণ্ঠ/আরআই




Comments