Image description

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে পুনরায় আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়ার সরকারি সিদ্ধান্তকে ‘জাতির সঙ্গে প্রতারণার শামিল’ বলে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করতে এই সচিবালয় অপরিহার্য ছিল বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (২০ মে) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই প্রতিক্রিয়া জানান মাহফুজ আলম। তিনি বলেন, “সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি জাতির সঙ্গে প্রতারণার শামিল। বিচার বিভাগ সংস্কার, মামলাজট নিরসন এবং বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিতের জন্য আলাদা সচিবালয় গঠন করা অত্যন্ত জরুরি ছিল।”

সাবেক এই উপদেষ্টা আরও উল্লেখ করেন, যদি অন্তর্বর্তী সরকারের সময় প্রণীত সংশ্লিষ্ট অধ্যাদেশে কোনো ত্রুটি বা ‘বাছবিচার’ থেকে থাকে, তবে সেটি সংশোধন করে হলেও দ্রুত সুপ্রিম কোর্ট সচিবালয় পুনরায় চালু করা উচিত। আমলাতান্ত্রিক জটিলতা বিচার বিভাগের ওপর খবরদারি করার সুযোগ তৈরি করবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মে) এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সেখানকার সিনিয়র সচিবসহ জুডিশিয়াল সার্ভিসের ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। আইন ও বিচার বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৫ সালের ১১ ডিসেম্বর বিচার বিভাগের দীর্ঘদিনের দাবি ও স্বাধীনতার প্রতীক হিসেবে এই পৃথক সচিবালয় উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। মাত্র কয়েকমাসের মাথায় সরকারের এই আকস্মিক পদক্ষেপে বিচার বিভাগ ও রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

মানবকণ্ঠ/আরআই