Image description

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারকে (৭) ধর্ষণের পর নৃসংশভাবে হত্যার ঘটনায় স্তব্ধ পুরো দেশ। এই পৈশাচিক হত্যাকাণ্ডের বিচার ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। বৃহস্পতিবার (২১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তিনি অপরাধীদের জনসমক্ষে পাথর নিক্ষেপ বা ফাঁসির আইন করার দাবি জানান।

ইমরুল কায়েস তাঁর পোস্টে লেখেন, “মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে বিনীত অনুরোধ—এ দেশটি আপনি সেভ করুন। এই দেশে আর কোনো শিশুই নিরাপদ নয়। কিছু মানুষ হিংস্র পশুর থেকেও বেশি হিংস্র হয়ে গেছে। যারা সমাজে এসব কাজে লিপ্ত, তাদের জন্য আপনি সংবিধান পরিবর্তন করে কঠোর শাস্তি, ফাঁসি অথবা জনসমক্ষে পাথর নিক্ষেপের একটি আইন পাস করুন।”

বিচারব্যবস্থার আমূল পরিবর্তনের দাবি জানিয়ে তিনি আরও লেখেন, “বিচারব্যবস্থা এমন করুন যাতে কেউ আর সাহস না পায় এ ধরনের জঘন্য কাজ করতে। এসব মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই দেশের প্রতিটি দলের মানুষ এই কাজের জন্য আপনার পাশে থাকবে।”

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ফ্ল্যাটে প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার হাতে নৃশংসভাবে খুনের শিকার হয় শিশু রামিসা। জবানবন্দি অনুযায়ী, স্বপ্না শিশুটিকে ফুসলিয়ে ঘরে নেয় এবং সোহেল তাকে ধর্ষণের পর প্রমাণ লোপাটে গলা কেটে মাথা বিচ্ছিন্ন করে ফেলে। পরে শিশুটির মাথাবিহীন দেহ খাটের নিচে এবং খণ্ডিত মাথাটি বাথরুমের বালতিতে পাওয়া যায়।

এই ঘটনায় পল্লবী থানায় মামলা হলে পুলিশ প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে। সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও এ ঘটনায় জড়িত তৃতীয় এক অজ্ঞাত আসামি এখনও পলাতক রয়েছে।

নিহত রামিসার মরদেহ ময়নাতদন্ত শেষে গত বুধবার রাতে মুন্সীগঞ্জের সিরাজদীখানের মধ্যম শিয়ালদী গ্রামে দাফন করা হয়েছে। এক সময়ের নির্ভরযোগ্য এই ওপেনারের এমন আবেগঘন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে, যেখানে সাধারণ মানুষও একাত্মতা প্রকাশ করছেন।

মানবকণ্ঠ/আরআই