সিলেট, কুমিল্লা ও চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মে থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৪ জনে। সারাদেশে শিশুদের মাঝে হামের এই প্রকোপ ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে।
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে।
চাঁদপুরের কচুয়ায় হামের উপসর্গ নিয়ে ফায়জুল ইসলাম আয়াত নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্বজনরা জানান, শিশুটি বেশ কয়েকদিন ধরে জ্বরের পাশাপাশি হামের বিভিন্ন উপসর্গে ভুগছিল।
এদিকে, কুমিল্লায় হামের উপসর্গে সামিয়া আক্তার নামে ৮ মাস বয়সী এক শিশু মারা গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে ওই দিন বিকেল সোয়া ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মাঝে হামের সংক্রমণ রুখতে দ্রুত টিকাদান নিশ্চিত করা এবং অসুস্থ শিশুদের আইসোলেশনে রাখা অত্যন্ত জরুরি। সামান্য উপসর্গ দেখা দিলেই দেরি না করে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
মানবকণ্ঠ/আরআই




Comments