পটুয়াখালীতে চিরকুটে পাওনাদারের নাম লিখে সাবেক ইউপি সদস্যের আত্মহত্যা
পটুয়াখালীর দুমকিতে পাওনাদারদের ঋণের টাকা পরিশোধ করতে না পেরে সাবেক ইউপি সদস্য ও দলিল লেখক মাওলানা আবুল কালাম খান (৫৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২১ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির আঙিনায় একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির আঙিনার একটি গাছে আবুল কালামকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের স্বহস্তে লেখা একটি চিরকুট জব্দ করেছে। ওই চিরকুটে পাওনাদার হিসেবে ৬ ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন— দক্ষিণ মুরাদিয়ার পিলার ব্যবসায়ী উত্তম বাবু, হান্নান শিকদার, দেলোয়ার হোসেন টিটু খা, ছালাম মূর্ধা, মিলন মূর্ধা এবং কালাম মৃধা। চিরকুটে উল্লিখিত ব্যক্তিদের নিজের মৃত্যুর জন্য দায়ী করে গেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবুল কালাম খান শ্রীরামপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন। পেশায় তিনি একজন দলিল লেখক ছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি তীব্র আর্থিক সংকট ও ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, “মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments