জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সিসিইউতে, দেশবাসীর দোয়া প্রার্থনা
জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ বি এম রুহুল আমিন হাওলাদার অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (সিসিইউ) রাখা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন হাওলাদার গত মঙ্গলবার (১৯ মে) অসুস্থতা অনুভব করলে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকের শরণাপন্ন হন। সে সময় তাঁর উচ্চ রক্তচাপ ধরা পড়ে। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়ে বাসায় পাঠান। কিন্তু বুধবার (২০ মে) রাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত পুনরায় হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসকরা তাঁকে সিসিইউতে ভর্তি করেন।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে তাঁর হার্টে এনজিওগ্রাম করার কথা রয়েছে। তিনি বর্তমানে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মুমিনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
এ বি এম রুহুল আমিন হাওলাদারের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতার জন্য দেশবাসী ও জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন তাঁর সহধর্মিণী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা।
মানবকণ্ঠ/ডিআর




Comments