নওগাঁর রাণীনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠার মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৬০) ও একই গ্রামের আমিনুরের ছেলে তারেক (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আক্কাস ও তারেক বাড়ির পাশের জাঠাইল মাঠে কৃষি কাজ করতে গিয়েছিলেন। কাজ করার একপর্যায়ে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments