ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ছাত্রদল ও যুবদলের ৮ জন নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করে এই মামলাটি করেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। অন্যদিকে, এই মামলাকে মিথ্যা দাবি করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন জেলা বিএনপির নেতারা।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন—ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এস এম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহসভাপতি নয়ন হাওলাদার এবং পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন।
ঘটনার সূত্রপাত শুক্রবার জুমার নামাজের পর। ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারী ও কেন্দ্রীয় নেতা মহিউদ্দীন রনির ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর নাসীরুদ্দীনসহ তাঁর সমর্থকরা ঝিনাইদহ সদর থানায় অবস্থান নেন এবং মামলা গ্রহণ না করা পর্যন্ত বিক্ষোভ শুরু করেন। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ মামলাটি গ্রহণ করলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
তবে মামলার খবর ছড়িয়ে পড়লে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং নাসীরুদ্দীনকে গ্রেপ্তারের দাবি জানান। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নাসীরুদ্দীনকে গ্রেপ্তার করা না হলে ছাত্রদল পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
অবশেষে রাত ১০টার দিকে কড়া পুলিশি পাহারায় একটি কালো মাইক্রোবাসে করে ঝিনাইদহ ত্যাগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গীরা। ঝিনাইদহ সদর থানার ওসি আসাদ উজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments