বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দল জাফনা কিংসে যোগ দিয়েছেন। শুক্রবার (২২ মে) জাফনা কিংস তাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে সাকিবের সঙ্গে চুক্তির এই ঘোষণাটি দিয়েছে।
সাকিবকে ‘গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ত্রো’ হিসেবে আখ্যায়িত করে জাফনা কিংস তাদের পোস্টে লিখেছে, ২০২৬ সালের এলপিএল সামনে রেখে সাকিবের সঙ্গে এই চুক্তি সম্পন্ন হয়েছে। সাকিবকে প্রশংসায় ভাসিয়ে ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, যখন দলের রানের প্রয়োজন হয় কিংবা উইকেটের জন্য ব্রেকথ্রু দরকার হয়, সাকিব তখনই জ্বলে ওঠেন। চাপের মুখে চরম আত্মসংযম বজায় রাখার অসামান্য ক্ষমতা রয়েছে এই অভিজ্ঞ ক্রিকেটারের।
জাফনা কিংস আরও যোগ করেছে যে, টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ও পরিপূর্ণ একজন অলরাউন্ডারকে দলে অন্তর্ভুক্ত করে তাদের শক্তিশালী লাইনআপে বাড়তি শক্তির যোগান দেওয়া হলো।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে সাকিব এলপিএলে গল টাইটানসের হয়ে খেলেছিলেন। এক আসর বিরতি দিয়ে আবারও লঙ্কার এই জনপ্রিয় টুর্নামেন্টে নিজের ঝলক দেখানোর সুযোগ পেলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
মানবকণ্ঠ/আরআই




Comments