Image description

রাজধানীর বাড্ডা এলাকায় একটি চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে কারখানার ভেতরে থাকা দুই কর্মচারী দগ্ধ হয়ে মারা গেছেন। সোমবার (২৫ মে) দুপুরে ফায়ার সার্ভিস ও বাড্ডা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, রাত ৩টার পর বাড্ডা এলাকার একটি দোতলা সেমি-পাকা ভবনে অবস্থিত ওই চিপস কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানোর পর সেখান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

বাড্ডা থানার ডিউটি অফিসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যাওয়া দুজনেই ওই কারখানার শ্রমিক ছিলেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কারখানাটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

মানবকণ্ঠ/আরআই