শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনের কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দেশ গঠন ও একে অপরের সহযোগিতায় এগিয়ে আসাই হবে শহীদ জিয়ার স্মৃতির প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধা। শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, "আমরা অঙ্গীকার করি সমাজের সবাইকে বিভিন্নভাবে একে অপরের সাহায্য-সহযোগিতা করব। একজন নাগরিক হিসেবে যদি সবাই সবার নিজ নিজ অবস্থান থেকে একে অপরের প্রতি সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।"
দেশ গঠনে সবার অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, "আসুন আমরা আজকে সেই অঙ্গীকার করি। আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে চেষ্টা করি যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছে, তাদেরকে সহযোগিতা করব। একজন সুনাগরিক হিসেবে এটি আমাদের দায়িত্ব।"
রাস্তার ওপর অনুষ্ঠানের কারণে জনসাধারণের চলাচলে সাময়িক অসুবিধার বিষয়টি লক্ষ্য করে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য সংক্ষিপ্ত করেন। তিনি বলেন, "আজকের এই অনুষ্ঠানের কারণে মানুষের চলাচলের কিছুটা সমস্যা হচ্ছে। সাধারণ মানুষের কষ্ট হোক—এমন কিছু আমরা চাই না। তাই আজকের এই মহৎ কার্যক্রমটি আমরা দ্রুত সম্পন্ন করব।"
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, "সাংগঠনিক কার্যক্রম ও দলের শক্তি বৃদ্ধির বিষয়ে আমরা অন্য কোনো দিন বড় পরিসরে আলোচনা করব। ইনশাআল্লাহ, সেদিন আমরা বসে সংগঠনকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, সেগুলো নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা করব।"
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী নিজ হাতে দুস্থদের মাঝে বস্ত্র ও খাবার তুলে দিয়ে দিনব্যাপী মানবিক কার্যক্রমের সূচনা করেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments