চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনালকে হারিয়ে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) টানা দ্বিতীয় শিরোপা জয়ের আনন্দ ম্লান হয়ে গেছে ব্যাপক সহিংসতায়। ফরাসি ক্লাবটির এই ঐতিহাসিক বিজয় উদ্যাপনকে কেন্দ্র করে ফ্রান্সজুড়ে সমর্থক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রোববার (৩১ মে) ভোর পর্যন্ত চলা এই সহিংসতায় সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছেন রাজধানী প্যারিসে, যার সংখ্যা ২৮০ জন। পিএসজির জয়ের খবর আসার পরপরই প্যারিসের বিখ্যাত শঁজেলিজে সড়কসহ বিভিন্ন এলাকায় হাজার হাজার সমর্থক উৎসবে মাতেন। তবে দ্রুতই সেই আনন্দ রূপ নেয় সহিংসতায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উত্তেজিত সমর্থকরা বিভিন্ন সড়কে আতশবাজি ও ফ্লেয়ার জ্বালাচ্ছেন। বেশ কিছু স্থানে বৈদ্যুতিক মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং দোকানের কাঁচ ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হলেও অনেক জায়গায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার ফলে বাস, ট্রেন ও রেল সেবা সাময়িকভাবে বিঘ্নিত হয়।
ফরাসি পুলিশ জানিয়েছে, সমর্থকদের এই তাণ্ডবে ছয়টি যানবাহন, দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও একটি বাসস্টপ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ কয়েকবার কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়েছে। সংঘর্ষে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ ন্যুনেজ এই ঘটনাকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন।
উল্লেখ্য, গত বছরও পিএসজির চ্যাম্পিয়নস লিগ জয়ের পর এমন সহিংস ঘটনা ঘটেছিল, যাতে এক কিশোরসহ দুজনের মৃত্যু হয়। সেই তিক্ত অভিজ্ঞতার কারণে এবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকলেও তাণ্ডব ঠেকানো সম্ভব হয়নি।
আজ রোববার বিকেলে আইফেল টাওয়ার সংলগ্ন এলাকায় পিএসজির খেলোয়াড়দের জন্য এক বিশাল বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এরপর ফুটবলারদের ফরাসি প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে। তবে রাতের এই সহিংসতা পুরো উৎসবের আমেজে এক ধরণের শঙ্কার ছায়া ফেলে দিয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments