ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ, পুলিশের টিয়ারশেল-জলকামান নিক্ষেপ
ইসলামী ব্যাংক বাংলাদেশের নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহক ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) সকালে রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ারশেল ও জলকামান ব্যবহার করেছে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও ব্যাংক সূত্র জানায়, আজ ছিল নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের প্রথম কর্মদিবস। তাঁর যোগদান ঠেকাতে সকাল থেকেই প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন বিপুল সংখ্যক গ্রাহক ও আন্দোলনকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফা চেষ্টা চালায়। একপর্যায়ে বিক্ষোভকারীরা মারমুখী হয়ে উঠলে পুলিশ টিয়ারশেল ও জলকামান নিক্ষেপ শুরু করে। এতে পুরো দিলকুশা এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীদের অভিযোগ, সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম বিতর্কিত 'এস আলম গ্রুপে'র ঘনিষ্ঠ সহযোগী। রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক থেকেও আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এমন একজনকে দেশের অন্যতম বৃহৎ শরীয়াহভিত্তিক ব্যাংকের শীর্ষ পদে নিয়োগ দেওয়ায় সাধারণ গ্রাহক ও ব্যাংক সংশ্লিষ্টদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
উল্লেখ্য, গত ২৪ মে ব্যক্তিগত কারণ দেখিয়ে ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। ওইদিনই খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই ব্যাংকের ভেতরে-বাইরে এই নিয়োগ নিয়ে অসন্তোষ দানা বাঁধতে থাকে।
বর্তমানে দিলকুশা ও মতিঝিল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যাংক ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments