ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী স্থগিত: প্রতিবাদে আজ রুমিন ফারহানার মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ায় চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী উগ্রবাদী বাধার মুখে স্থগিত হওয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র সমালোচনা চলছে। এই ঘটনার প্রতিবাদে আজ সোমবার (১ জুন) বিকেলে মানববন্ধনের ডাক দিয়েছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা।
আজ বিকেল ৪টা ১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর ইউনিয়নে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রুমিন ফারহানা নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে তিনি লেখেন, ‘উপস্থিত থাকবো আমি রুমিন ফারহানা।’
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলার তরুণদের সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি’ নির্মাতা তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিল। কিন্তু গত কয়েকদিন ধরে ‘কওমি ছাত্র ঐক্য পরিষদ’–এর কিছু শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্রটির বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং প্রদর্শনী বন্ধের দাবি তোলে। একপর্যায়ে আয়োজকদের পক্ষ থেকে নিরাপত্তার খাতিরে প্রদর্শনীটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
চলচ্চিত্রটির প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নির্মাতা ও প্রযোজক তানিম নূর। তিনি গণমাধ্যমকে বলেন, “তারা আমার ছবির পোস্টারে ক্রস চিহ্ন দিয়ে প্রচার করছে এবং উগ্রবাদী কথাবার্তা বলছে। এটি পুরোপুরি বেআইনি। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সনদ পাওয়া কোনো ছবি এভাবে বাধাগ্রস্ত করা সাংস্কৃতিক চর্চার জন্য এক ভয়ংকর বার্তা। যারা এর বিরোধিতা করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।”
ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি দীর্ঘদিন ধরে ‘ভাতঘুমের সিনেমা আড্ডা’ শিরোনামে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনার আয়োজন করে আসছে। মূলত স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা এই সংগঠনের সঙ্গে যুক্ত। আয়োজকরা জানিয়েছেন, কওমি শিক্ষার্থীদের তীব্র বিরোধিতা ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে তারা আপাতত এই আয়োজন স্থগিত করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ও শুক্রবার থেকে ফেসবুকে চলচ্চিত্রটির প্রদর্শনীর বিরোধিতা করে উগ্রবাদী পোস্ট দেওয়ার মাধ্যমে এই বিতর্কের সূত্রপাত হয়।




Comments