যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদী সমঝোতা নিয়ে চলমান আলোচনার ইতিবাচক প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। মঙ্গলবার (২ জুন) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৫ সেন্ট বা প্রায় ০.৮ শতাংশ কমে ৯৪ দশমিক ২৩ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮৫ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে।
এর আগের দিন সোমবার উভয় ধরনের তেলের দামই উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছিল। তবে সেই ঊর্ধ্বগতি স্থায়ী হয়নি। উল্লেখ্য, বিগত মে মাস জুড়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামগ্রিকভাবে ১৬ শতাংশের বেশি হ্রাস পেয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি বিস্তৃত কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। যদি দুই দেশ শেষ পর্যন্ত কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে পারে, তবে ইরানের ওপর থেকে তেল রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল হতে পারে। এতে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধি পাবে, যা দাম আরও কমিয়ে আনতে সহায়ক হবে।
বিনিয়োগ প্রতিষ্ঠান ফিলিপ নোভার জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক প্রিয়াঙ্কা সচদেবা জানান, সম্ভাব্য চুক্তির খবর বাজারে এক ধরণের স্বস্তি নিয়ে এসেছে। বিনিয়োগকারীরা আশা করছেন এর মাধ্যমে দীর্ঘদিনের অনিশ্চয়তা কেটে যাবে। তবে চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত বাজারের এই অস্থিরতা পুরোপুরি কাটছে না বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
মানবকণ্ঠ/আরআই




Comments