পবিত্র হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে এখন পর্যন্ত ১৭ হাজার ৬৮৯ জন বাংলাদেশি হাজি নিরাপদে দেশে ফিরেছেন। মঙ্গলবার (২ জুন) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, মোট ৪৩টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে এসব হাজিরা সৌদি আরব থেকে বাংলাদেশে পৌঁছান।
হজ অফিসের তথ্য অনুযায়ী, ফেরত আসা হাজিদের মধ্যে ২ হাজার ৮২ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ১৫ হাজার ৬০৭ জন বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন। তিনটি বিমান সংস্থার মাধ্যমে তাদের ফিরিয়ে আনা হচ্ছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০টি, সাউদিয়া এয়ারলাইনসের ১৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
এদিকে হজের সফরে গিয়ে এখন পর্যন্ত ৪২ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৫ জন নারী। স্থানভেদে ৩২ জন মক্কায় এবং ১০ জন মদিনায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। সৌদি আরবের নিয়ম অনুযায়ী তাদের সেখানেই দাফন করা হয়েছে।
উল্লেখ্য, এ বছরের ১৮ এপ্রিল থেকে হজের বহির্গামী ফ্লাইট শুরু হয়েছিল এবং শেষ হয় ২১ মে। হজের মূল আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত হাজিদের নিয়ে এই ফিরতি ফ্লাইট কার্যক্রম চলবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
মানবকণ্ঠ/আরআই




Comments