জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন আজ: বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী সাইপ্রাস
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনের ঐতিহাসিক লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে এই পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই মর্যাদাপূর্ণ পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত তিন মাস ধরে এই নির্বাচনে জয়লাভের লক্ষ্যে বিশ্বজুড়ে ব্যাপক কূটনৈতিক তৎপরতা ও প্রচারণা চালিয়েছে বাংলাদেশ। আজ ভোটগ্রহণ শেষে জানা যাবে, আগামী এক বছরের জন্য বিশ্ব সংস্থার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আসরের সভাপতিত্ব করার দায়িত্ব কার হাতে যাচ্ছে।
এবারের নির্বাচনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রধান প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস।
বিশ্লেষকদের মতে, দুই দেশের প্রার্থীর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। যিনি নির্বাচিত হবেন, তিনি বর্তমান সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।
বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি মনে করেন, বাংলাদেশের শান্তি রক্ষা মিশন এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে সক্রিয় ভূমিকার কারণে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন পাওয়ার শক্তিশালী ভিত্তি রয়েছে।
এখন সারা বিশ্বের নজর নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের দিকে। কয়েক ঘণ্টা পরেই নির্ধারিত হবে ৮১তম সাধারণ পরিষদের নেতৃত্বের ভবিষ্যৎ।




Comments