Image description

আজ দুপুরের মধ্যে দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে তীব্র বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। দুর্ঘটনা এড়াতে এসব এলাকার নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা ‘বর্ষা’ টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এর প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। গত ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী—রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বেশ কিছু জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বিশেষ করে চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে বইছে এই তাপপ্রবাহ। তবে বৃষ্টির প্রভাবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, যা জনজীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে।

বর্তমান মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেশি থাকায় আবহাওয়াবিদরা সাধারণ মানুষকে বিশেষ করে কৃষক, জেলে ও উন্মুক্ত স্থানে থাকা ব্যক্তিদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। বজ্রপাতের সময় খোলা মাঠ বা জলাশয়ের ধারে না থেকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

মানবকণ্ঠ/আরআই