Image description

তিন দিনের সফরে আগামী ৭ জুন রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হবে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ড. খলিলুর রহমানকে একজন অভিজ্ঞ কূটনীতিক, আন্তর্জাতিক বিষয়াবলিতে দক্ষ ও বাস্তববাদী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়, বহুপক্ষীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা যখন নানা চ্যালেঞ্জের মুখোমুখি, তখন আন্তর্জাতিক প্রক্রিয়া সম্পর্কে তার গভীর জ্ঞান ও সমঝোতামূলক দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ছাড়া বৈশ্বিক দক্ষিণ ও পূর্বের দেশগুলোর স্বার্থ তুলে ধরা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গতি আনা, জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যকারিতা বৃদ্ধি এবং বৈশ্বিক ইস্যুতে জাতিসংঘের সমন্বয়মূলক ভূমিকা জোরদারের উদ্যোগকে রাশিয়া স্বাগত জানায়।

বিবৃতিতে আরো বলা হয়, ড. খলিলুর রহমানের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতা অব্যাহত রাখতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে ২০২৬ সালের ৭ থেকে ৯ জুন তার রাশিয়া সফর অনুষ্ঠিত হবে।