সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং পরিকল্পিত ভুল প্রচারণার কারণে দেশের রাজনৈতিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৫ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এবং পরিকল্পিতভাবে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের কারণে আজ সুস্থ রাজনীতির পরিবেশ নস্যাৎ হচ্ছে। দীর্ঘ আন্দোলন ও অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত আমাদের গণতান্ত্রিক সুযোগকে নস্যাৎ করতে এবং দেশে নৈরাজ্য ছড়াতে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণতন্ত্র রক্ষা এবং দেশের এই সংকটময় মুহূর্তে চক্রান্তকারীদের দ্রুতই চিহ্নিত করা হবে।
বিএনপিকে একটি উদারপন্থি দল হিসেবে দাবি করে মহাসচিব বলেন, “বিএনপি কোনো বিপ্লবী দল নয়; এটি জনগণের অধিকার ও কল্যাণে নিবেদিত একটি পূর্ণাঙ্গ উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। কিন্তু দুঃখজনকভাবে দেশে গণতন্ত্র ও জনধিকারে অবিশ্বাসী একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে। এই অশুভ শক্তিকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সরব হতে হবে।”
একই আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, “দেশের চারিদিকে এখন শত্রু আর নানামুখী ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। এই চক্রান্তের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ‘বটবাহিনী’। তবে কোনো চক্রান্তই কাজে আসবে না, কারণ দেশের মানুষ সবসময় তারেক রহমানের সঙ্গে আছে।”
বর্তমান সরকারকে রক্ষা করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, দেশবাসীকে এই গভীর ষড়যন্ত্র সম্পর্কে এখনই সচেতন না করলে সামনে বড় বিপদ আসন্ন।
মানবকণ্ঠ/ডিআর




Comments