Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগ যে নেতিবাচক অবস্থানে পৌঁছাতে ১৭ বছর সময় নিয়েছিল, বিএনপি সেখানে মাত্র ৩ মাসেই পৌঁছে গেছে। 

শনিবার (৬ জুন) দুপুরে কুমিল্লার রামঘাট এলাকায় এনসিপি আয়োজিত এক ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির বর্তমান শাসনব্যবস্থার সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, "বিএনপি যদি অ্যাডমিনিস্ট্রেশন ও ইকোনমিক সেক্টরকে সঠিকভাবে ধরে রাখতে পারতো, তবে আমি তাদের ব্যাপারে আশাবাদী হতে পারতাম। কিন্তু তারা যেভাবে ভুল (ফল্ট) করছে, তাতে মনে হচ্ছে তাদের হাতে আর বেশি সময় নেই। এভাবে চলতে থাকলে তারা মেয়াদ শেষ করতে পারবে না।"

রাজপথ ও সংসদে এনসিপি প্রকৃত বিরোধীদলের ভূমিকা পালন করছে উল্লেখ করে তিনি বলেন, "যারা ছায়া বাজেট দিতে পারে, তারা বাজেট প্রণয়নের সক্ষমতাও রাখে। পলিসিগতভাবে সেই জায়গাটি আমাদের তৈরি হয়েছে। রাষ্ট্র পরিচালনায় আমাদের এক থেকে দেড় বছরের অভিজ্ঞতা রয়েছে, এখন শুধু আমাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করা প্রয়োজন।"

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে উল্লেখ করে আসিফ মাহমুদ আরও বলেন, "নির্বাচিত সরকার আসার পরও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, বরং মব জাস্টিস বেড়েছে। চলতি মাসেই ৮৪ জন ধর্ষণের শিকার হয়েছে, যার মধ্যে ৬ জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী অপরাধ বাড়ছে। স্বরাষ্ট্রমন্ত্রী মব জাস্টিস বন্ধের ঘোষণা দিলেও বাস্তবে তা বাড়ছে এবং অনেক ক্ষেত্রে সরকারদলীয় লোকজনের সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে।"

অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম ও জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর