পবিত্র হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি নিরাপদে দেশে ফিরেছেন। তবে এবারের হজ সফরে গিয়ে এখন পর্যন্ত ৪৮ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এছাড়া বর্তমানে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে আরও ২২ জন হাজি চিকিৎসাধীন রয়েছেন।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টাল আইটি হেল্প ডেস্কের সবশেষ দৈনিক বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, মোট ৮৯টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে হাজিরা দেশে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩৪ হাজার ১০৭ জন। ফিরতি যাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৪টি ফ্লাইটে ১৪ হাজার ৬০ জন, সৌদি এয়ারলাইনস ৩৫টি ফ্লাইটে ১৪ হাজার ২৪১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২০টি ফ্লাইটে ৭ হাজার ৭০০ জন হাজিকে বাংলাদেশে ফিরিয়ে এনেছে।
অন্যদিকে, সৌদি আরবে মারা যাওয়া ৪৮ জন বাংলাদেশি হাজির মধ্যে ৩২ জন পুরুষ এবং ১৬ জন নারী রয়েছেন। মৃত্যুর এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, পবিত্র মক্কায় ৩৫ জন, মদিনায় ১২ জন এবং জেদ্দায় এক জন হাজি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এছাড়া অসুস্থ হয়ে পড়া ৩৯৮ জন হাজি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে জরুরি ও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ২২ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারিত ছিল। গত ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের সৌদি আরব যাত্রা শুরু হয়েছিল এবং ২১ মে শেষ ফ্লাইটটি ঢাকা ত্যাগ করে। হজের মূল আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে সব হাজির ফেরার আগ পর্যন্ত অব্যাহত থাকবে।
মানবকন্ঠ/আরআই




Comments