Image description

মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম সংলগ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোট গ্রহণ। রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

ওলেড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে বেলা ১১টা ৩৫ মিনিটে নিজের ভোট দেন তামিম। একই সময়ে সাবেক জাতীয় দলের পেসার রুবেল হোসেনও ক্যাটাগরি-১ এ নিজের ভোট প্রদান করেন।

এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্যাটাগরি-২ বা ঢাকা ক্লাব ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে ১২টি পরিচালক পদের বিপরীতে লড়ছেন ১৬ জন প্রার্থী। তামিম ইকবাল নিজেও এই ক্যাটাগরি থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ক্যাটাগরিতে তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন আবাহনী লিমিটেডের ফাহিম সিনহাসহ আরও কয়েকজন পরিচিত মুখ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইতোমধ্যে তিন ক্যাটাগরির মধ্যে ৮ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৭ জনই এসেছেন ক্যাটাগরি-১ (আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থা) থেকে এবং একজন নির্বাচিত হয়েছেন ক্যাটাগরি-৩ (সাবেক অধিনায়ক ও বিভিন্ন সংস্থা) থেকে।

এবারের নির্বাচনে সরাসরি ভোটের পাশাপাশি ই-ভোটের ব্যবস্থাও রাখা হয়েছে। তথ্যমতে, ৪১ জন ভোটার ই-ভোটের জন্য ব্যালট সংগ্রহ করেছেন। এর মধ্যে জেলা ও বিভাগ ক্যাটাগরির ৩ জন এবং ঢাকার ক্লাব ক্যাটাগরির ৩৮ জন কাউন্সিলর রয়েছেন।

বিকালে ভোট গ্রহণ শেষ হওয়ার পর রাতেই নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিসিবির এই নির্বাচনকে কেন্দ্র করে ক্রিকেট সংশ্লিষ্টদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।

মানবকন্ঠ/আরআই