Image description

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও রায়ের নথি উচ্চ আদালতে পৌঁছানোর পর অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত শুনানি ও আপিল নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রোববার (৭ জুন) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, “রামিসা হত্যা মামলার রায়ের কপি ও নথিপত্র সুপ্রিম কোর্টে আসার পর আমরা দ্রুত শুনানির জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব। চাঞ্চল্যকর এই রায় যেন দ্রুত বাস্তবায়নের দিকে যায়, সেই প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে থাকবে।”

তিনি আরও উল্লেখ করেন, এই মামলায় বিচার বিলম্বের কোনো সুযোগ ছিল না এবং নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানও এই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। বিচার বিভাগীয় প্রধান হিসেবে প্রধান বিচারপতিও এই স্পর্শকাতর মামলার আপিল নিষ্পত্তিতে প্রয়োজনীয় ও তড়িৎ পদক্ষেপ নেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, “মাত্র ১৬ দিনের মধ্যে তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষ করে যে রায় দেওয়া হয়েছে, তা বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য একটি বিশাল মাইলফলক। তবে একই সঙ্গে দণ্ডিত ব্যক্তিরা আইনি প্রক্রিয়ায় যথাযথ ন্যায়বিচার পেয়েছেন কি না, সেটি নিশ্চিত করাও আমাদের বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।”

উল্লেখ্য, আজ সকালে ঢাকার একটি ট্রাইব্যুনাল শিশু রামিসা হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। এখন নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য (ডেথ রেফারেন্স) মামলার নথিপত্র উচ্চ আদালতে পাঠানো হবে।

মানবকন্ঠ/আরআই