Image description

বর্তমান সরকারের প্রথম ১০০ দিনে দেশে হত্যা, অপহরণ ও নারী নির্যাতনের মতো অপরাধ উদ্বেগজনক হারে ঘটেছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির সংগৃহীত তথ্য অনুযায়ী, এই ১০০ দিনে দেশে অন্তত ৬০৫টি খুন এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে।

রোববার (৭ জুন) সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘নতুন সরকারের ১০০ দিন, সুশাসন ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে গত মার্চ ও এপ্রিল মাসের তুলনামূলক চিত্র তুলে ধরে জানানো হয়, এই দুই মাসে মোট ৬০৫টি খুনের পাশাপাশি ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা নথিবদ্ধ হয়েছে। একই সময়ে অপরাধীদের কবলে পড়ে চুরির ঘটনা ঘটেছে ২ হাজার ২১৪টি। এমনকি খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার চিত্রও ছিল উদ্বেগজনক; এই সময়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১২৯টি।

নারী ও শিশু নিরাপত্তার বিষয়ে প্রতিবেদনে চরম উদ্বেগের কথা জানানো হয়েছে। টিআইবি জানায়, আলোচিত সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৩ হাজার ৪৯৬টি। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন, গণধর্ষণের শিকার হয়েছেন ৩০ থেকে ৩৬ জন এবং অন্তত ৪৯ থেকে ৭১ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “বর্তমান সরকারের প্রথম ১০০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল অনেকটা নাজুক। খুন, ডাকাতি, ছিনতাই, অরাজকতা এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনাগুলো অব্যাহত ছিল, যা জননিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।” সুশাসন নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংবাদ সম্মেলনে টিআইবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা দেশের বর্তমান শাসনব্যবস্থা ও নাগরিক নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।

মানবকন্ঠ/আরআই