Image description

দেশের অনলাইন নিউজ পোর্টালগুলোর নিবন্ধন ও পরিচালনা আরও সুশৃঙ্খল করতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিন সংসদ অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের করা এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, অনলাইন নিউজ পোর্টালগুলো যাতে একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে পরিচালিত হয়, সেজন্য মন্ত্রণালয় নতুন এই নীতিমালা তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।

অধিবেশনে প্রতিমন্ত্রী আরও জানান, যেসব জেলাভিত্তিক সংবাদপত্রের প্রকাশনা রেকর্ড বেশ দুর্বল, তাদের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের (ডিএফপি) তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টিও নতুন করে পর্যালোচনা করা হচ্ছে।

এ বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, “ওই সব সংবাদপত্র যথাযথ প্রক্রিয়া মেনে ডিএফপি'র তালিকাভুক্ত হয়েছিল কি না, তা আমরা খতিয়ে দেখছি। এই প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, রোববারের একই অধিবেশনে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান সংবাদমাধ্যমে ছড়ানো ভুল ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

মানবকণ্ঠ/আরআই