যান্ত্রিক এই শহরে হাড়ভাঙা খাটুনির আড়ালে ঢাকা পড়ে যায় কত শত আবেগ আর ছোট ছোট পাওয়া। তেমনই এক বাস্তবধর্মী ও সংবেদনশীল গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ চলচ্চিত্র ‘এই ছোট ছোট আশা’। ‘ফ্রেন্ডলি নেইবারহুড ফিল্মমেকারস’-এর উদ্যোগে এই কাজটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আবীর ফেরদৌস মুখর।
গল্পটি বেলাল ও সালমা নামের এক গার্মেন্টস শ্রমজীবী দম্পতিকে ঘিরে। সারাদিনের ব্যস্ততা আর কারখানার যান্ত্রিক শব্দের শেষে যখন তারা ঘরে ফেরে, তখন তাদের মাঝে খুব বেশি শব্দ থাকে না। কিন্তু সেই নীরব মুহূর্ত, সামান্য দু-একটি কথা আর একে অপরের প্রতি সহমর্মিতাই হয়ে ওঠে তাদের বেঁচে থাকার রসদ। জীবন সংগ্রামের কঠিন পথ চলায় তাদের নিঃস্বার্থ ভালোবাসা আর একসাথে থাকার দৃঢ় শক্তিই এই চলচ্চিত্রের মূল উপজীব্য।
আদনান মুকিতের গল্পে এর চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক আবীর ফেরদৌস মুখর ও আদনান মুকিত। ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইশরাত রিমি, আহসান স্মরণ এবং মিজান রহমান। চিত্রগ্রহণে ছিলেন সমর ঢালী।
চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক হিসেবে আছেন শাব্বির মাহমুদ, যিনি একইসাথে ছবিটির সম্পাদনা ও কালার গ্রেডিংয়ের দায়িত্বও পালন করেছেন। শব্দ পরিকল্পনায় কাজ করেছেন সঞ্জয় সরকার মুক্তনীল এবং আবহ সঙ্গীতে ছিলেন অভিষেক ভট্টাচার্য।
ছবিটির প্রাণ হিসেবে ধরা হচ্ছে এর টাইটেল ট্র্যাক ‘এই ছোট ছোট আশা’-কে। সাফিন সুদীপ্তের কথা, সুর ও কণ্ঠে গানটি গল্পের আবেগ আর গভীরতাকে আরও জীবন্ত করে তুলেছে।
নির্মাতাদের মতে, এই শহর কেবল ধনিক শ্রেণির নয়, বরং বেলাল ও সালমাদের মতো সাধারণ মানুষের ছোট ছোট স্বপ্নেরও।
মানবকন্ঠ/আরআই




Comments