আদ্-দ্বীন হাসপাতাল ক্ষতিপূরণ দিলেও সরকারের সিদ্ধান্ত বদলাবে না: স্বাস্থ্যমন্ত্রী
আদ্-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় সরকারের অবস্থান স্পষ্ট করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিলেও তাদের বিরুদ্ধে নেওয়া সরকারি সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না। জনস্বার্থ বিবেচনা করেই এই বিষয়ে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।
সোমবার (৮ জুন) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ১ লাখ আইভি স্যালাইন গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ এই অনুদান প্রদান করে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আইনজীবীদের মাধ্যমে শিশুদের পরিবারকে কী ক্ষতিপূরণ দেবে, সেটি তাদের একান্ত বিষয়। কিন্তু এর কারণে তাদের বিরুদ্ধে সরকারের তদন্ত ও সিদ্ধান্ত প্রভাবিত হবে না। আমরা স্বচ্ছতার সাথে কাজ করছি এবং আগামীকাল (মঙ্গলবার) এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।"
তিনি আরও জানান, তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নিতে অতিরিক্ত দুই দিন সময় নেওয়া হয়েছিল, যার মেয়াদ আজ শেষ হচ্ছে। শিশুদের মৃত্যুর ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
ডেঙ্গু মৌসুমের প্রস্তুতি নিয়ে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত স্যালাইন মজুদ রয়েছে। রোগীদের সুবিধার্থে সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া সারা দেশে চলমান ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির বিষয়ে মন্ত্রী জানান, সরকার আলোচনার মাধ্যমে এই সংকট সমাধানের চেষ্টা করছে।
অনুষ্ঠানে ঔষধ শিল্পের প্রতিনিধিরা ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
মানবকন্ঠ/আরআই




Comments