Image description

স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপতথ্য, মানহানিকর কনটেন্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর ছবি-ভিডিও মোকাবিলায় সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।

সোমবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১(ক) অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সময় তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন আইনে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করার বিধান রাখা হবে।

তিনি আরও জানান, সাইবার সুরক্ষা আইন-২০২৬ সংশোধনের মাধ্যমে গুজব, অপতথ্য ও মানহানিকর কনটেন্টের সংজ্ঞা নতুনভাবে নির্ধারণ করা হবে। একই সঙ্গে এসব কনটেন্ট তৈরি, প্রকাশ ও প্রচারের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান যুক্ত করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি, বট নেটওয়ার্ক এবং এআই-নির্ভর ভুয়া কনটেন্টের মাধ্যমে ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার বাড়ছে, যা উদ্বেগজনক।

তিনি আরও উল্লেখ করেন, নতুন আইনে বিটিআরসি ও অন্যান্য কর্তৃপক্ষকে ক্ষতিকর কনটেন্ট অপসারণ, ব্লক ও নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হবে। পাশাপাশি আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোর সঙ্গে আরও কার্যকর সমন্বয় নিশ্চিত করার কথাও বলেন তিনি।

আলোচনায় তিনি অনলাইন জুয়ার বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং জানান, এ বিষয়ে নতুন একটি আইন প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে, যা চলতি সংসদ অধিবেশনেই উত্থাপন হতে পারে।