Image description

পশ্চিমবঙ্গ বিধানসভার পর এবার লোকসভাতেও বড় ধরনের ভাঙনের মুখে পড়েছে তৃণমূল কংগ্রেস। দলের ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনের স্বাক্ষরযুক্ত একটি চিঠি সোমবার লোকসভার স্পিকারের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে বিদ্রোহী সংসদ সদস্যরা চিঠিতে এনডিএ শিবিরে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন। তবে তারা আপাতত দলত্যাগ না করে লোকসভার ভেতরে পৃথক একটি গোষ্ঠী গঠনের পথে হাঁটছেন।

সূত্রগুলোর দাবি, দুই-তৃতীয়াংশের বেশি সংসদ সদস্যের সমর্থন পাওয়ায় বিদ্রোহীরা নিজেদের ‘আসল তৃণমূল’ হিসেবে স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছেন। স্পিকারের স্বীকৃতি মিললে লোকসভায় দলের নেতৃত্বেও পরিবর্তন আসতে পারে।

রোববার দিল্লিতে তৃণমূলের বিদ্রোহী সংসদ সদস্যদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সোমবার বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাসভবনেও তাদের আরেকটি বৈঠক হয়। বৈঠকের কিছু সময় পরই স্পিকারের কাছে চিঠি জমা দেওয়া হয়।

বিদ্রোহী শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, কাকলি ঘোষ দস্তিদারকে মুখ্য সচেতক এবং শতাব্দী রায়কে ডেপুটি লিডার হিসেবে চাওয়া হচ্ছে।

এদিকে এই ঘটনাকে তৃণমূল কংগ্রেসের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এমন সময় এই পদক্ষেপ নেওয়া হলো, যখন দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে অবস্থান করছেন।