৬ দফা দাবিতে জবি ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কর্মসূচি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তৃতীয় গেটের সামনে প্রকাশ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে সংগঠনের পক্ষ থেকে সরকারের পতন আন্দোলন ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে ৬টি সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়।
কর্মসূচিতে ব্যবহৃত পোস্টারগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের ছবি ছিল। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
ছাত্রলীগের উত্থাপিত ৬ দফা দাবিসমূহ:
১. সারা দেশে ছাত্রলীগের শিক্ষার্থীদের ওপর দেওয়া বহিষ্কারাদেশ এবং তাদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করা।
২. কোটা আন্দোলনের নামে দলীয় নিয়োগ প্রক্রিয়া বন্ধ করা।
৩. ছাত্রলীগের ‘রাজবন্দিদের’ শোন অ্যারেস্ট বন্ধ করে তাদের নিঃশর্ত মুক্তি দেওয়া।
৪. নারী ও শিশু হত্যা, ধর্ষণ, মাদ্রাসায় শিশু নির্যাতন এবং অনলাইনে নারী হেনস্তার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
৫. শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক লাঞ্ছনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে দেওয়া।
৬. হামের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের ফাঁসি দেওয়া।
জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে সংগঠনের কার্যক্রম বন্ধ করা যাবে না। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের পতনের লক্ষ্যে রাজনৈতিক প্রস্তুতি ও আন্দোলন-সংগ্রাম রাজপথে অব্যাহত থাকবে।
ঘটনার বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন জানান, তিনি বিষয়টি খতিয়ে দেখছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছেন। প্রকাশিত ভিডিও দেখে তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে প্রচলিত আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মানবকন্ঠ/আরআই




Comments