Image description

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার জন্য গৃহ নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে নিজের কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

এর আগে ২০২৫ সালে ক্যান্সারে আক্রান্ত ঋতুপর্ণার মায়ের চিকিৎসার জন্যও সহায়তা দিয়েছিল বিএনপি। সে সময় তারেক রহমানের নির্দেশনায় বিএনপির নেতারা রাঙামাটির দুর্গম এলাকায় অবস্থিত ঋতুপর্ণার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ২০২২ ও ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া ২০২৫ সালে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের জায়গা করে নেওয়ার পথেও তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন।

পাহাড়ি এলাকার একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বাক্ষর রেখে ঋতুপর্ণা চাকমা বর্তমানে দেশের নারী ফুটবলের অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন।