ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের কাছে একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে আগুন ধরে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৯ জন গুরুতর আহত হয়েছেন।
রোববার (৭ জুন) স্থানীয় সময় একটি মহাসড়কে দ্রুতগতির বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। এরপর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো যানবাহনে। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাস্থল এবং হাসপাতালে নেওয়ার পর মোট ২১ জনের মৃত্যু হয়েছে। আহতদের অধিকাংশই গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পর গভীর শোক প্রকাশ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত গতি, সড়ক অবকাঠামোর দুর্বলতা এবং ট্রাফিক আইন যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় ইরাকে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে।
সূত্র: রয়টার্স




Comments