কোনো বিষয়ের অনার্স কোর্স বন্ধ করার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলা, দর্শন বা ইতিহাসসহ কোনো বিষয়ে অনার্স বাতিলের বিষয়টি নিয়ে সরকারের ভেতরে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, “বাংলা আমাদের মাতৃভাষা—এটা বাদ দেওয়ার প্রশ্নই আসে না। এই ধরনের কোনো আলোচনা হয়নি।”
সম্প্রতি একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, বাংলা, দর্শন ও ইতিহাসসহ ছয়টি বিষয়ে অনার্স কোর্স বাতিল হতে পারে। তবে এ দাবি ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেন মন্ত্রী।
আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন ও বাজার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখতে কারিগরি ও চাহিদাসম্পন্ন বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে বাংলা বা ইতিহাসের মতো বিষয় বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই।
এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের কোনো অনার্স কোর্স বন্ধ করার বিষয়ে সরকারের বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নেই।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, বিভিন্ন বিষয়ে অনার্স কোর্স চালু বা বন্ধ নিয়ে প্রচারিত খবর সঠিক নয় এবং এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি।




Comments