যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে নতুন সংযোজন হিসেবে প্রকাশ্যে এসেছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আলফা’র টিজার। এতে প্রথমবারের মতো এক শক্তিশালী নারী ঘাতকের চরিত্রে দেখা গেছে আলিয়া ভাটকে, যা ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
শিব রাওয়াইল পরিচালিত এবং আদিত্য চোপড়া প্রযোজিত এই ছবিতে আলিয়াকে এমন এক তরুণীর চরিত্রে দেখা যায়, যাকে ছোটবেলা থেকেই একজন দক্ষ ও নির্মম ঘাতক হিসেবে গড়ে তোলা হয়। টিজারের একটি গুরুত্বপূর্ণ অংশে দেখা যায়, তার বাবার চরিত্রে ববি দেওল অভিনয় করেছেন, যিনি মেয়ের ১৮তম জন্মদিনেই তাকে প্রথম হত্যার মিশন দেন-যেখান থেকে শুরু হয় তার বিপজ্জনক যাত্রা।
টিজারে আরও দেখানো হয়েছে ‘আলফা’ নামের একটি গোপন প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে ভবিষ্যৎ যোদ্ধাদের বিশেষভাবে তৈরি করা হয়। অ্যাকশন ও স্টান্টে ভরপুর এই ঝলকে আলিয়া ভাটের উপস্থিতি দর্শকদের দৃষ্টি কাড়ে।
সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিল কাপুর ও শর্বরী ওয়াঘ। তবে শর্বরীর চরিত্র সম্পর্কে বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আলফা’ একটি নারী-কেন্দ্রিক অ্যাকশন ফিল্ম, যা দুই নারীর ‘আলফা মাইন্ডসেট’-কে কেন্দ্র করে তৈরি একটি বড় বাজেটের পপকর্ন এন্টারটেইনার।
প্রথমে ছবিটির মুক্তি ২০২৫ সালের বড়দিনে নির্ধারিত থাকলেও ভিএফএক্সের কাজ শেষ না হওয়ায় তারিখ পরিবর্তন করে ১৭ এপ্রিল ২০২৬ করা হয়। পরবর্তীতে চূড়ান্তভাবে ৩ জুলাই ২০২৬-এ বিশ্বব্যাপী মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স শুরু হয়েছিল ২০১২ সালে ‘এক থা টাইগার’ দিয়ে। এরপর ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’ ও ‘টাইগার ৩’সহ একাধিক সফল সিনেমার মাধ্যমে এই ইউনিভার্স সম্প্রসারিত হয়েছে। এবার সেই ধারায় যুক্ত হচ্ছে আলিয়া ভাটের ‘আলফা’, যেখানে নারী-প্রধান অ্যাকশন গল্পই মূল আকর্ষণ হিসেবে থাকছে।




Comments