Image description

আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে করদাতারা সারা বছর জুড়েই আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন। তবে আগেভাগে রিটার্ন জমা দিলে মিলবে বিশেষ করছাড়, আর দেরিতে জমা দিলে গুনতে হবে জরিমানা। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে পেশ করা নতুন অর্থবছরের বাজেটে এই প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

নতুন এই নিয়মের আওতায় বছরটিকে চারটি প্রান্তিকে ভাগ করে করছাড় ও জরিমানার বিধান রাখা হয়েছে:

প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর): এই সময়ে আয়কর রিটার্ন দাখিল করলে করদাতারা সবচেয়ে বেশি লাভবান হবেন। তারা পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা—এই দুটির মধ্যে যেটি কম, সেই পরিমাণ করছাড় পাবেন।

দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর): এই সময়ে রিটার্ন দাখিল করলে কোনো করছাড় পাওয়া যাবে না, তবে কোনো জরিমানাও গুনতে হবে না। করদাতারা কেবল তাদের নির্ধারিত কর পরিশোধ করেই রিটার্ন জমা দিতে পারবেন।

তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ): নির্ধারিত সময়ের পর এই প্রান্তিকে রিটার্ন জমা দিলে জরিমানা শুরু হবে। এক্ষেত্রে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা—এর মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ অর্থ অতিরিক্ত হিসেবে পরিশোধ করতে হবে।

চতুর্থ প্রান্তিক (এপ্রিল-জুন): অর্থবছরের একেবারে শেষ ভাগে এসে রিটার্ন দাখিল করলে জরিমানার পরিমাণ আরও বাড়বে। এ সময়ে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা—যেটি বেশি, সেই পরিমাণ অর্থ জরিমানাস্বরূপ দিতে হবে।

মূলত করদাতাদের সঠিক সময়ে আয়কর রিটার্ন দাখিলে উৎসাহিত করতে এবং দেশের কর প্রশাসনকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করার লক্ষ্যেই এই নতুন কাঠামো চালুর প্রস্তাব করা হয়েছে।

মানবকণ্ঠ/আরআই