Image description

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতি মূলত মানুষের কল্যাণের জন্য। আমরা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়নে কাজ শুরু করেছি। কৃষক ভাইদের বীজ ও কীটনাশক কেনার সুবিধার্থে 'কৃষক কার্ড'-এর মাধ্যমে এককালীন আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। এছাড়া দেশের নারী সমাজকে স্বাবলম্বী করতে স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা অবৈতনিক (ফ্রি) করার ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (১৩ জুন) সকালে কক্সবাজারের সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে এক পথসভায় প্রধানমন্ত্রী এসব গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বহনকারী বিমানটি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে।

পথসভায় তারেক রহমান বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রাম-গঞ্জের মানুষের জন্য খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। তাঁর সেই স্মৃতি ও জনহিতকর কাজকে এগিয়ে নিতেই আমরা আজ পাতলী খাল পুনঃখনন শুরু করলাম। আমাদের লক্ষ্য দেশের ৭০-৮০ ভাগ খেটে খাওয়া মানুষের মুখে হাসি ফোটানো।"

নারী শিক্ষা নিয়ে তিনি বলেন, "দেশনেত্রী খালেদা জিয়া নারী শিক্ষার প্রসারে বিনা মূল্যে পড়ার সুযোগ করে দিয়েছিলেন। সেই ধারাকে আরও বিস্তৃত করে বর্তমান সরকার নারীদের স্নাতক পর্যন্ত শিক্ষা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে। মেধাবীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও রাখা হবে।"

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী মাসুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত কক্সবাজারের প্রথম শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার অবকাঠামোগত কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। তাঁর এই সফর ঘিরে স্থানীয় বিএনপি ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। দিনের শেষ ভাগে সমুদ্রসৈকত ও মেরিন ড্রাইভ পরিদর্শন এবং সুধী সমাবেশে অংশ নিয়ে রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই রাষ্ট্রীয় ও রাজনৈতিক সফরকে কেন্দ্র করে সরকারের একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।

মানবকণ্ঠ/ডিআর