Image description

প্রায় ১৪ ঘণ্টার সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় ফিরেছেন। রোববার দিবাগত রাত ১২টার দিকে ইউএস-বাংলার একটি ফ্লাইটে কক্সবাজার থেকে রাজধানীর উদ্দেশ্যে রওনা দেন তিনি।

সফরকালে প্রধানমন্ত্রী কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া ডুলাহাজারা সাফারি পার্ক ও মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

পেকুয়া সফরে তিনি জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের হাতে ২০ লাখ টাকার পরিবার সঞ্চয়পত্র তুলে দেন। একই সঙ্গে পেকুয়া পৌরসভা এবং মাতামুহুরি উপজেলা ও থানা প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সন্ধ্যায় চকরিয়ায় স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। পরে কক্সবাজারে সুধী সমাবেশে অংশ নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

সফরের শেষ পর্যায়ে মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্র সৈকত এলাকা পরিদর্শন শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

মানবকণ্ঠ/আরআই